নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকবাহী মেইলগাড়ি ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন মেইলগাড়ির চালক ও গার্ডসহ তিনজন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার নয়াপাড়া-কায়সারনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মেইলগাড়ির চালক মো. জসিম (৪০), মেইল গার্ড মো. মজনু মিয়া (৫৪) ও আবুল কালাম আজাদ (৫৫)। দুর্ঘটনায় তাঁরা ঘটনাস্থলেই মারা যান। নিহত জসিম ও আবুল কালাম আজাদের বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায়। অপর নিহত মজনু মিয়ার ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনাকবলিত ডাকবাহী গাড়িটি সিলেট পোস্টাল ডিভিশনের মেইল পরিবহনের কাজে নিয়োজিত ছিল।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মুক্তাদির হোসেন জানান, নিহত তিনজনকে হাসপাতালে আনার আগেই তাঁদের মৃত্যু হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডেস্ক : 








