জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের চুনারুঘাটে এলপিজি এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার( ৫ অক্টোবর) বিকাল সাড়ে ৩ ঘটিকায় সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট চুনারুঘাট পৌর শহরের উত্তর বাজারে এলপিজি ডিলার জননী এন্টারপ্রাইজে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে উক্ত প্রতিষ্ঠানে নির্ধারিত মূল্যের থেকে অধিক মূল্যে এলপিজি বিক্রয়, মেয়াদোত্তীর্ণ লাইসেন্স এবং পূর্বের লাইসেন্সে অনুমোদিত সীমার অধিক এলপিজি গ্যাস মজুদ রাখার অসামঞ্জস্য পাওয়া যায়।
তবে উক্ত ডিলারের ক্রয় রশিদ যাচাইকালে দেখা যায় বিক্রয়কারী প্রতিষ্ঠান ‘সেনা’ সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে উক্ত ডিলারের নিকট এলপিজি বিক্রয় করছে।
পরবর্তীতে, উপর্যুক্ত অপরাধসমূহ মোবাইল কোর্ট (ভ্রাম্যমান আদালত) আমলে নিয়ে উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজার উপজেলার মাঝিশাইল গ্রামের আব্দুল লতিফকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
লাইসেন্স দ্রুত নবায়ন, এলপিজি মজুদের সীমা বৃদ্ধি, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ এবং সরকার নির্ধারিত মূল্যে বিক্রির বিষয়ে উক্ত প্রতিষ্ঠানের সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
জনস্বার্থে চুনারুঘাট উপজেলার সকল স্থানে অধিক দামে এলপিজি বিক্রয় ও মজুদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানানো হয়।

ডেস্ক : 








