আনোয়ার হোসেন মিঠু, নবীগঞ্জ থেকে :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামে সরকারী জমি দখল-বেদখল নিয়ে বিরোধের জের ধরে রবিবার সকালে রক্তক্ষয়ী সংঘর্ষে মঞ্জুর মিয়া (২২) নামে এক কলেজ ছাত্র খুন হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। নিহত মঞ্জুর মিয়া ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে খলিলুর রহমান দীর্ঘদিন ধরে সরকারী জমিতে ঘরবাড়ি তৈরী করে ভোগ দখলে রয়েছেন। একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে হেলাল মিয়া ও বাবরু মিয়ার ছেলে মনিরুজ্জামানগংরা উক্ত জায়গা তাদের দখলে নেয়ার চেষ্টা করলে এনিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রবিবার (১৯ এপ্রিল) সকালে হেলাল ও মনিরুজ্জানানের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উক্ত জমি জবর দখলের চেষ্টা করলে উভয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালীন সময়ে প্রতিপক্ষের আঘাতে মঞ্জুর মিয়াসহ কমপক্ষে ১৬ জন আহত হন। আহতদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মঞ্জুর মিয়াকে মৃত ঘোষণা করেন। নিহত মঞ্জুর মিয়া নবীগঞ্জ সরকারী ডিগ্রী কলেজের বিএ ১ম বর্ষের ছাত্র। আহতরা হলেন মনিরুজ্জামানের ছেলে সাফি মিয়া (৩২), আনোয়ার মিয়ার ছেলে মুজিবুর রহমান (৩২), রমিজ উল্লার ছেলে শামিম মিয়া (৫০), নিহতের ভাই মামুন মিয়া (৩১), আব্দুল্লাহ মিয়ার ছেলে জুনেদ মিয়া (২৮), রুহেল মিয়া (৩৮), ইমন মিয়া(১৭), কাউছার মিয়া (২২), জুয়েল আহমেদ (৩২), মামুন মিয়া (২৬)।
অন্য আহতরা স্হানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পুনরায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে। নিহতের বাবা খলিলুর রহমান বলেন, প্রায় ৫০ বছর ধরে ওই জমিতে তারা বসবাস করে আসছেন।
হেলাল ও মনিরুজ্জামানগংরা ওই জমি থেকে তাদের উচ্ছেদ করতে মরিয়া হয়ে উঠে। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রবিবার সকালে লোকজন নিয়ে হেলাল ও মনিরুজ্জামানের নেতৃত্বে একদল লোকজন অস্ত্রশস্ত্র জমি দখল করতে আসলে বাঁধা দেই। এতে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে তারা আমাদের বাড়িঘরে হামলা করে আমার কলেজ পড়ুয়া ছেলে’কে হত্যা করেছে। এ ব্যাপারে ওসি (তদন্ত) দুলাল মিঞা বলেছেন, সরকারী জমি দখল-বেদখল নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ ছিল। এ নিয়ে সকালে সংঘর্ষ হলে বেশ কয়েকজন আহত হয়। আহতদের হাসপাতালে নিয়ে আসলে মঞ্জুর মিয়া নামে একজনকে মৃত ঘোষণা করেন ডাক্তার। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রেখেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। জড়িতদের গ্রেফতার করতে অভিযান চলছে।

ডেস্ক : 















